
নরসিংদী জজ কোর্টে হাজিরা দিতে গিয়ে সিয়াম ভুইয়া আবির (২৮) নামের এক ছাত্রদল নেতা হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিয়াম পলাশ উপজেলার দড়িহাওলাপাড়ার বাসিন্দা এবং ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ডিসেম্বরের একটি ছিনতাই মামলার হাজিরা শেষে আদালত এলাকার বিশ্রামাগারের সামনে দুর্বৃত্তরা লোহার পাইপ দিয়ে তাকে মারধর করে। দৌড়ে সিডিআর রুমের সামনে গেলে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তার মাথায় চারটি সেলাইসহ শরীরে একাধিক আঘাত রয়েছে।
আদালত পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম জানান, জজকোর্টের ৩ নম্বর গেট এলাকায় অতর্কিতভাবে তাকে পিটিয়ে আহত করা হয় এবং পরে পুলিশ তাকে হাসপাতালে পাঠায়।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ