
সারাদেশে নির্বাচনী প্রচারণা স্বাভাবিক রয়েছে এবং প্রস্তুতি নিয়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
তিনি জানান, নারীসহ পুরো পরিবার যেন নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে, সে লক্ষ্যেই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। নির্বাচনে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে সেনা, নৌ ও বিমানবাহিনীর এক লাখের বেশি সদস্য থাকবেন। একই সঙ্গে ৪৩ হাজার ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারিতে থাকবে।
প্রযুক্তি ব্যবহারের কথা তুলে ধরে তিনি বলেন, ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো অনিয়ম দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যাবে। এরই মধ্যে দেশের প্রায় ৮০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ‘নির্বাচন বন্ধু’ হটলাইনে ৩৩৩ নম্বরে ফোন করে ভোটসংক্রান্ত অভিযোগ জানানো যাবে।
সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, বিতর্কিত পর্যবেক্ষক সংস্থা ‘পাশা’-কে নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না। সরকার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ