
সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার নতুন ১২টি নির্দেশনা জারি করেছে। বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে। নির্দেশনা অনুযায়ী, বিআইডব্লিউটিএ ও মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো নৌযান দ্বীপে চলাচল করতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইট থেকে কিউআর কোডযুক্ত টিকিট কিনতে হবে।
নভেম্বর মাসে রাতযাপন নিষিদ্ধ থাকবে, ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিতভাবে অনুমতি মিলবে। ফেব্রুয়ারিতে পর্যটক যাতায়াত পুরোপুরি বন্ধ থাকবে। প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক ভ্রমণ করতে পারবেন না।
দ্বীপে সৈকতে আলো, শব্দ, বারবিকিউ, পলিথিন ও মোটরচালিত যান নিষিদ্ধ করা হয়েছে। কাছিম, প্রবাল ও সামুদ্রিক জীবের ক্ষতি করলে শাস্তির মুখে পড়তে হবে। সরকার আশা করছে, এসব নির্দেশনা বাস্তবায়নে সেন্ট মার্টিন পরিবেশবান্ধব পর্যটনের উদাহরণ হয়ে উঠবে।
সম্পাদক : আশিক ইসলাম
প্রকাশক: শিকদার আল জিন্নাহ
© সর্বস্বত্ব সংরক্ষিত, একশ শব্দ