লোকসংগীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন (৭৩) মারা গেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০:১৫ মিনিটে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ফরিদা পারভীন দীর্ঘদিন কিডনির জটিলতায় ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন ফরিদা পারভীন। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে রাজশাহী বেতার থেকে পেশাদার সংগীতজীবন শুরু করেন। তিনি লালনগীতি জীবন্ত রাখার জন্য ‘অচিন পাখি স্কুল’ও প্রতিষ্ঠা করেছিলেন।
তার অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন। তিনি স্বামী ও ৪ সন্তান রেখে গেছেন।















