রাজধানীর কারওয়ানবাজার সংলগ্ন এলাকায় সাবেক এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মুসাব্বীর। তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হঠাৎ মুসাব্বীরকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (তেজগাঁও জোন) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলায় মুসাব্বীরসহ দুজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় মুসাব্বীরকে উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপর গুলিবিদ্ধ ব্যক্তি সুফিয়ান ব্যাপারী মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।














