ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনে আরও ৫৩ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানিতে ১৫টি আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন।
ইসি জানায়, এদিন মোট ৭০টি আপিলের শুনানি হয়। নানা কারণে ১৫টি আপিল বাতিল করা হলেও আপিলের বিরুদ্ধে করা আরও দুটি আপিল নামঞ্জুর হয়েছে, তবে ওই প্রার্থীদের মনোনয়ন বৈধ থাকবে। ফলে চার দিনে দুই শতাধিক প্রার্থী আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন।
তফসিল অনুযায়ী, ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি চলবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।















