চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার ও আধুনিকায়নের কাজ শেষ করে দ্রুত দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। শুক্রবার জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে জাদুঘরটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন ও ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এ কারণে বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ খালি রাখা হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ জরুরি। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।















