খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে সশস্ত্র হামলায় মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে নগরীর বাটার দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা মাসুম বিল্লাহ ঘটনাস্থলে অবস্থানকালে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পায়ে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার তাজুল ইসলাম বলেন, অশোক ঘোষ নামে একজনকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।














