অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার ও নির্বিচার বিক্রি রোধে নতুন কঠোর নির্দেশনা জারি করেছে ঔষধ প্রশাসন অধিদফতর (ডিজিডিএ)। সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে ফার্মেসির মালিক, ফার্মাসিস্ট এবং সাধারণ জনগণের জন্য বাধ্যতামূলক বেশ কিছু নীতিমালা ঘোষণা করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা প্রেসক্রিপশনভুক্ত ওষুধ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র ওভার দ্য কাউন্টার ওষুধ বিক্রি করা যাবে।
ফার্মেসিগুলোকে অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য রেজিস্টারে সংরক্ষণ, বিক্রয়ের সময় স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো প্রদান এবং রোগীকে পূর্ণ কোর্স সম্পন্ন করার পরামর্শ দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ এবং রেড লেবেলযুক্ত মোড়ক ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বিক্রি না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন আইন অমান্য করলে ফার্মেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ডিজিডিএ।
সাধারণ জনগণকে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক না কেনা, মেয়াদ দেখে ওষুধ নেওয়া এবং নষ্ট বা মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যান্টিবায়োটিক প্রতিরোধ রোধে সম্পূর্ণ কোর্স সেবনের গুরুত্বও তুলে ধরা হয়েছে।















