ইরানের চলমান বিক্ষোভ পরিস্থিতির মধ্যে এবার রাজপথে নেমেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাজধানী তেহরানে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সরকারপন্থি সমাবেশে তিনি সরাসরি উপস্থিত হন। সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে সরকার সমর্থকদের আয়োজনে সমাবেশ হয়েছে। রাজধানীর সমাবেশে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে মিছিলরত জনতার সঙ্গে হাঁটতে এবং জাতীয় পতাকা হাতে থাকা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এর আগে তিনি ‘জাতীয় প্রতিরোধ মিছিল’-এ অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
প্রেসিডেন্ট বলেন, সরকার বিক্ষোভকারীদের দাবি শুনতে প্রস্তুত এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে। তবে তিনি সতর্ক করে বলেন, যেন সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা পরিস্থিতির সুযোগ নিতে না পারে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে।
আল জাজিরা জানায়, গত ডিসেম্বরের শেষ দিকে ইরানের মুদ্রার বড় অবমূল্যায়নের পর নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বেড়ে গেলে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। পর্যবেক্ষকদের মতে, ২০২২-২৩ সালে মাহসা আমিনির মৃত্যুকে ঘিরে হওয়া আন্দোলনের পর এটিই ইরানের সবচেয়ে বড় বিক্ষোভ।














