সংস্কারের প্রশ্নে গণভোট হলে বিএনপি হ্যাঁ ভোট দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক সংস্কারের দাবি বিএনপিই প্রথম তুলেছিল। সেই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনা ও কমিটি গঠন হয়েছে। বিএনপি সেখানে সক্রিয়ভাবে অংশ নিয়ে মতামত দিয়েছে।
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, সেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নারী আসন বৃদ্ধির মতো সংস্কারে বিএনপি শুরু থেকেই ইতিবাচক অবস্থানে রয়েছে।
এই সংস্কারের বিরোধিতা নয় বরং সমর্থনেই বিএনপি গণভোটে হ্যাঁ ভোট দেবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে দলটি।















