সৌদি আরবের সঙ্গে মিল রেখে নওগাঁর পত্নীতলা উপজেলায় একদিন আগে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার সকাল ৮টায় নজিপুর পৌরসভার কলোনিপাড়া এলাকায় এ জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এ জামাতে নওগাঁসহ আশপাশের জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। ইমামতি করেন মাওলানা মো. কামারুজ্জামান এবং এতে নারী-পুরুষ উভয়ই অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
স্থানীয়রা জানান, ২০০৫ সাল থেকে এ এলাকায় সৌদির সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপনের প্রথা চলে আসছে। একই ধারায় এবারও তারা ঈদ পালন করেছেন, যদিও জেলার অন্যান্য এলাকায় চাঁদ দেখার ভিত্তিতে পরদিন ঈদের প্রস্তুতি নেওয়া হয়েছে।















