দেশের সুশাসন, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর যৌথ উদ্যোগ অপরিহার্য। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিরক্ষা সক্ষমতা অর্জন এবং প্রশাসনিক সমন্বয় শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা জানান, দুর্যোগ মোকাবিলা থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলা প্রশাসকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে জনসেবাকে আরও কার্যকর করার আহ্বান জানান তিনি।














