ঈদুল আজহাকে ঘিরে পদ্মা সেতুতে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে ৪৪ হাজার ৮টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পদ্মা সেতুর সাইট অফিস সূত্র জানায়, মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন পারাপার হয়েছে। এ অংশ থেকে আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন চলাচল করেছে, যেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। মোটরসাইকেলের জন্য আলাদা লেনসহ ১০টি লেনে টোল কার্যক্রম চালু রয়েছে।














