বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ১ ডিসেম্বর থেকে সারাদেশে নফল রোজা, দোয়া, মিলাদ, কোরআন বিতরণ ও খাদ্যসামগ্রী প্রদান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল বিএনসিইউপি।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজীবের নির্দেশনায় এবং সাধারণ সম্পাদক লায়ন মোঃ শহীদুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক এস আলম ইসরাৎ এর তত্ত্বাবধানে জেলা, মহানগর, ইউনিট এবং প্রবাসী কমিটির নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
১ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি দেশব্যাপী অনলাইন একটিভিস্টদেরও রোজা ও দোয়ার আহ্বান জানায়, যা ব্যাপক সাড়া পায়। এটি বিএনসিইউপি’র দ্বিতীয়বারের মতো দেশব্যাপী নফল রোজা কর্মসূচি, যা পূর্বের মতোই উৎসাহ ও সফলতার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
বিজয়ের মাসে কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সময়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনাও করা হয়। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা, সাতক্ষীরা, যশোর, মৌলভীবাজার, টাঙ্গাইল, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় কোরআন ও খাদ্য বিতরণ, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। প্রবাসী ইউনিট থেকেও একই কর্মসূচি পালিত হচ্ছে। বিভিন্ন ধর্মাবলম্বী নেতৃবৃন্দও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনায় অংশ নেন।
২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রথম সাইবারভিত্তিক রাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত বিএনসিইউপি আবারও প্রমাণ করল তারা শুধু অনলাইনে নয়, প্রয়োজনে রাজপথেও সক্রিয়। সারাদেশে একযোগে কর্মসূচি পালন তাদের সংগঠিত শক্তি ও নেতৃত্বের প্রতি অনুগত্যের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।













