আজ সোমবার ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। দিনটি ঘিরে দেশজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করছে।
১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্ম নেওয়া জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা। সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২৫ শে মার্চ পাকিস্তানী বাহিনীর গণহত্যা ও ধ্বংসযোগ্যের পর তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে সাহসিকতার পরিচয় দেন। পরবর্তীতে হন জেড ফোর্সের অধিনায়ক। স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মাঝে সর্বোচ্চ সন্মাননা বীর উত্তম খেতাবে ভূষিত হন।
১৯৭৫ এর ৭ই নভেম্বর দেশের ক্রান্তিলগ্নে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন তিনি। সামরিক ফরমান জারির মাধ্যমে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা। সময়ের প্রয়োজনে গড়ে ওঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যা পরবর্তীতে গণমানুষের দলে পরিণত হয়। ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামো তার নেতৃত্বে ঘুরে দাড়াতে শুরু করে।
জন্মদিন উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলোচনা সভাসহ দুই দিনের কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ নতুন করে তুলে ধরছে বিএনপি।















