আলোচিত এপস্টেইন ফাইলে নাম উঠে আসায় নিজের দাম্পত্য জীবনের যন্ত্রণাদায়ক স্মৃতি নতুন করে সামনে এসেছে বলে মন্তব্য করেছেন মেলিন্ডা ফ্রেঞ্জ গেটস। মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব তথ্য তাঁকে মানসিকভাবে নাড়া দিয়েছে।
মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে মেলিন্ডা গেটস বলেন, এপস্টেইন ফাইল সংক্রান্ত অভিযোগগুলো অত্যন্ত মর্মাহত করেছে এবং যাদের নাম এসেছে তাদের সবাইকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে। ২৭ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদ হয়।
মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে বিল গেটসের নাম থাকলেও, যৌন অপরাধের শিকার কেউ তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনেননি। বিল গেটসের একজন মুখপাত্র দাবি করেছেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা। এনপিআরের ‘ওয়াইল্ড কার্ড’ পডকাস্টে মেলিন্ডা বলেন, এপস্টেইন ফাইল তাঁর জীবনের অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে আনছে।













