নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে শনিবার উত্তরবঙ্গের তিন জেলায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল সাড়ে ১১টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন। দীর্ঘ প্রায় ২৩ বছর পর তার আগমন ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
দলীয় সূত্র জানায়, ঠাকুরগাঁও সফর শেষে দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে এবং পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরও দুটি জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থল।
দলীয় নেতাকর্মীরা বলছেন, এই সফর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে। স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।














