ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই আসনে জয় পাওয়ার পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে নির্বাচিত হলেও আইন অনুযায়ী একটি আসন রাখতে হয়। সে অনুযায়ী ঢাকা-১৭ আসন ধরে রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন তিনি। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, চিঠি পাওয়া গেছে, তবে সংশ্লিষ্ট গেজেট এখনো প্রকাশ হয়নি।
প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন রাখার সিদ্ধান্ত জানাতে হয়। সিদ্ধান্তের ভিত্তিতে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করার প্রক্রিয়া চলছে।














