মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা থেকে ওই অঞ্চলে চলাচলকারী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শনিবার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বেবিচক এক বার্তায় জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বন্ধ থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলামও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরে বিস্তারিত জানানো হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টা হামলার ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে। এর প্রভাবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।















