ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার দুই আসামির পরিচয় নিশ্চিত করতে কনস্যুলার অ্যাকসেস চেয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার ৯ মার্চ বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পরিচয় যাচাইয়ের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে কনস্যুলার অ্যাকসেস চাওয়া হয়েছে। একই সঙ্গে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে দ্রুত এ বিষয়ে সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।















