বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশব্যাপী ভাষা প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণসংক্রান্ত এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বিদেশে চাকরির জন্য যুবকদের প্রস্তুত করতে দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে এসব ভাষা প্রশিক্ষণকেন্দ্র চালু করা হবে। একই বৈঠকে বিদেশগামী কর্মীদের জন্য স্বল্প সুদে ব্যাংকঋণ সহজ করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে বিনামূল্যে ওয়াইফাই চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














