রাজধানীতে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ শনিবার সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে সংসদ সচিবালয়।
মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামাতে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের মুসল্লিরা অংশ নিতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে এবার নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। সময়মতো উপস্থিত হয়ে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নির্দিষ্ট কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। মুসল্লিদের জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ করা হয়েছে। নামাজের আগে ওজু সম্পন্ন করে আসতেও বলা হয়েছে।















