বিদেশি ব্যাংক গ্যারান্টি বা স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিটের বিপরীতে দেশে নিবন্ধিত কোম্পানিগুলোকে টাকায় ঋণ দেওয়ার সুযোগ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ১৯৪৭ এর ধারা ১৮(২) অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাধারণ অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে বিদেশি মালিকানাধীন বা বিদেশি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসহ দেশে বসবাসকারী ব্যক্তি ও কোম্পানিগুলো বিদেশি গ্যারান্টির বিপরীতে স্থানীয় মুদ্রায় ঋণ পেতে পারবে।
তবে ঋণ দিতে হলে গ্যারান্টি অবশ্যই নিঃশর্ত, অপরিবর্তনীয় এবং প্রথম দাবিতেই পরিশোধযোগ্য হতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রেডিট রেটিং থাকা বিদেশি ব্যাংক বা প্রতিষ্ঠানের গ্যারান্টি গ্রহণ করতে হবে এবং ঋণ বিতরণের আগে গ্রাহকের আর্থিক সক্ষমতা যাচাই করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।














