তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানী ঢাকায় দেখা গেছে নজিরবিহীন জনসমাগম। বুধবার জোহরের পর বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত এই জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢলে সংসদ ভবন এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে। সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক এবং রাজনৈতিক নেতারা।
জানাজার আগে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আবেগঘন বক্তব্য দেন। তিনি মায়ের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা চান এবং কারও কোনো দেনা থাকলে তা পরিশোধের অঙ্গীকার করেন। তার এই বক্তব্য উপস্থিত মানুষকে আবেগাপ্লুত করে তোলে।
হাফেজ মাওলানা মুফতি আব্দুল মালেকের ইমামতিতে জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেওয়া হয়। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
মঙ্গলবার ভোরে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই আপসহীন নেত্রী। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।















