নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ১৪ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
তিনি জানান, সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয়ভাবে বিজয় মিছিল না করার নির্দেশ দেওয়া হয়েছিল। শত উসকানির মুখেও নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্বলের ওপর সবলের আক্রমণ গ্রহণযোগ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী ৩১ দফা ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
অবাধ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।















