নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি নারীর অধিকার ও ক্ষমতায়নে কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
রোববার ৮ মার্চ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় রাষ্ট্রপতি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা নারীদের সহায়তায় সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। তিনি তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্মাননা দেওয়া হয়। রাষ্ট্রপতির কাছ থেকে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া দেশের আট বিভাগ থেকে নির্বাচিত আরও পাঁচ নারীকে এ পুরস্কার প্রদান করা হয়।














