তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, নারীদের প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি জানান, বর্তমানে নারী উন্নয়ন ও ক্ষমতায়নবিষয়ক ২১টি প্রকল্প আইসিটি বিভাগের অধীনে চলমান রয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আয়োজিত ‘উইমেন ইন টেকনোলজি’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সচিব এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান।
সচিব বলেন, এসব প্রকল্পের মাধ্যমে নারীরা তথ্যপ্রযুক্তিভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাচ্ছেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে সরকার ও বেসরকারি খাতকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি, প্রযুক্তি, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নে আইসিটি বিভাগ এবং এফবিসিসিআইয়ের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন।













