তেহরান, ২৩ অক্টোবর (এএফপি): ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কেন্দ্রসহ তেহরানের বিভিন্ন স্থাপনায় তারা রাতের বেলা হামলা চালিয়েছে। এটি দুই দেশের পাল্টাপাল্টি হামলার অষ্টম দিন। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও এসপিএনডি (প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা) সদর দপ্তর। প্রতিষ্ঠানটি ইরান সরকারের সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করে বলে দাবি করা হয়। ইসরাইল জানায়, বৃহস্পতিবার রাতে তাদের ৬০টিরও বেশি যুদ্ধবিমান কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর মধ্যে ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান ও ইঞ্জিন উৎপাদন কারখানাও ছিল। এক পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে এবং চারটি ইউএভি প্রতিহত করেছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে দাবি করে ইসরাইল গত সপ্তাহে বিমান হামলা শুরু করে। ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার কূটনৈতিক সমাধানের আলোচনায় বসবেন, এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকেও যুদ্ধে সম্পৃক্ততার ইঙ্গিত এসেছে।














