হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে একটি কার্গো বিমান। এতে বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ নিহত হয়েছেন, তবে বিমানে থাকা চার ক্রু সদস্য জীবিত আছেন। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোরে দুর্ঘটনাটি ঘটে।
বিবিসি জানায়, তুরস্কের কার্গো এয়ারলাইন Air ACT পরিচালিত এমিরেটসের ফ্লাইট EK9788 দুবাই থেকে হংকংয়ে পৌঁছানোর পর উত্তর রানওয়েতে নামার সময় একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। আঘাতে বিমানটি সাগরে পড়ে যায় এবং রানওয়ের পাশে থাকা দুই কর্মী পানিতে তলিয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনই মারা যান।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর উত্তর রানওয়েটি বন্ধ রাখা হয়েছে, তবে বাকি দুটি রানওয়ে সচল রয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় সিভিল অ্যাভিয়েশন বিভাগ, এবং সকাল ১০টায় সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।












